চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের ব্যবসায়ী রাধু চন্দ্র দাস ৯ দিন ধরে নিখেঁজে পরিবারের উৎকণ্ঠা বাড়ছে। তাঁর স্ত্রী কাকলী রানী দাস বলেন, 'এখনো আমার স্বামীর খোঁজ পাইনি। সে কি বেঁচে আছে নাকি কেউ মেরে ফেলেছে, তাও বুঝতে পারছি না।' মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, 'ওই ব্যবসায়ীর সন্ধান এখনো পাননি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।'
রাধু চন্দ্র দাসের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে। ওই গ্রামের নিন্টু চন্দ্র দাসের বড় ছেলে তিনি। উপজেলা সদরের রথবাজার এলাকায় তাঁর একটি খাবারের হোটেল ও চায়ের দোকান রয়েছে।
রাধু চন্দ্র দাসের ছোট ভাই রাজন চন্দ্র দাস বলেন, 'ভাইয়ের সন্ধান না পেয়ে তিনিসহ পরিবারের সবাই উৎকণ্ঠায় রয়েছেন। ১৪ মে সকাল ৬টায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ভাই রাধু চন্দ্র দাস। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি।'































































































































































































































