চাঁদপুর পৌরসভার পালপাড়ায় একটি চারতলা ভবন হেলে পড়েছে আরেকটি ভবনের ওপর। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পাশের ভবনের মালিক। আজ রোববার দুপুরে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে ভবন খালি করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আজ দুপুরে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন পৌরসভার প্রকৌশলী, শহর পরিকল্পনাবিদ ও কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ওই দুটি ভবনের বাসিন্দাদের ভবন ছাড়তে জরুরি নোটিশ টাঙানো হয়।
হেলে পড়া ভবনের পাশের ভবন মালিক শাহ আলম বলেন, ২০১২ সালে পৌরসভার নকশা অনুযায়ী তিনি চারতলা ভবনটি নির্মাণ করেন। পরে তাঁর প্রতিবেশী শাহজাহান পাটোয়ারী তাঁর ভবনের লাগোয়া একটি চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে শাহজাহান পাটোয়ারীর ভবনটি হেলে তাঁর ভবনের দিকে ঝুঁকে পড়েছে। তিনি আতঙ্কে রয়েছেন।































































































































































































































