মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলেও চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মাছবাজারে তেমন ইলিশ দেখা যাচ্ছে না। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম তিন থেকে চার গুণ বেশি, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। মাছ বিক্রেতাদের দাবি, মেঘনায় প্রত্যাশিত হারে ইলিশ ধরা না পড়ায় বাজারে এ সংকট তৈরি হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলা সদর, মুন্সীরহাট এবং মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ও ছেংগারচর মাছবাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি ইলিশ নিয়ে বসে আছেন বিক্রেতারা। দাম বেশি হওয়ায় বেচাকেনা কম। অনেক ক্রেতা দাম শুনেই চলে যাচ্ছেন। কেউ কেউ দাঁড়িয়ে শুধু দেখছেন, দরদামও করছেন না। বিক্রি না হওয়ায় বিক্রেতারাও হতাশ।
মতলব দক্ষিণ উপজেলা সদর মাছবাজারের বিক্রেতা পানু দাস বলেন, গতকাল রোববার দুপুরে বেশি দামে কিনে চাঁদপুর থেকে ১১টি মাঝারি আকারের ইলিশ এনেছেন। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র চারটি। বাকিগুলো এখনো বিক্রি হয়নি। অধিকাংশ ক্রেতা দরদাম করেই চলে যাচ্ছেন। তাঁর কাছে থাকা সাতটি ইলিশ বিক্রি হবে কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। তিনি জানান, চার দিন ধরে বাজার প্রায় ইলিশশূন্য।































































































































































































































