চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছোট শিক্ষার্থী বাসের ধাক্কায় মারা গেছে। ছোট নুসরাত জাহান বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ের প্রথম শিফটের ছুটি হওয়ায় চাচির হাত ধরে বাড়ি ফিরছিল সে। পথে বারইয়ারহাট পৌর বাজারের ইউটার্নে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চাচির কাছ থেকে হঠাৎ তার হাত ছুটে যায়। মুহূর্তেই একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিল সে।
বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে নুসরাতের বাড়ি গিয়েছিলেন উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রধান শিক্ষকও ছিলেন তাঁদের সঙ্গে।































































































































































































































