চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এলাকায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।
ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম এস এম ফয়সাল হাসান। তিনি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছুরিকাঘাতে তাঁর ডান হাতের পেশি, আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে এস এম ফয়সাল তাঁর স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এলাকায় বসে ছিলেন। এ সময় একজন ব্যক্তি তাঁদের আশপাশে ঘোরাফেরা করছিলেন। এরপর তিনি ওই এলাকার একটি গাছের আড়ালে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। তাঁর আচরণে সন্দেহ হলে ফয়সাল তাঁকে আটকে ওই এলাকায় কী করছেন জিজ্ঞাসা করেন। তবে ওই ব্যক্তি ফয়সালকে সদুত্তর দিতে পারেননি। এরপর ফয়সাল তাঁর কয়েকজনকে বন্ধুকে কল দিয়ে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তিকে ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।































































































































































































































