চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক গৃহকর প্রায় ২২০ কোটি টাকা বৃদ্ধি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এখন থেকে প্রতিবছর ২৬৪ কোটি ৭০ লাখ টাকা করে পরিশোধ করতে হবে সংস্থাটিকে। সংস্থাটি ৪৫ কোটি টাকা করে গৃহকর দিয়ে আসছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ৩ মে এক আপিল শুনানি শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক গৃহকর নির্ধারণ করে। চট্টগ্রাম সিটি করপোরেশনে অনুষ্ঠিত এই শুনানিতে মেয়র শাহাদাত হোসেনসহ দুই সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গৃহকর নিয়ে দুই সংস্থার দীর্ঘদিনের বিরোধ আবার প্রকাশ্যে এসেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও নতুন নির্ধারণ করা গৃহকর পরিশোধে বন্দর কর্তৃপক্ষ জটিলতা তৈরি করছে বলে দাবি করেছেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।































































































































































































































