চট্টগ্রামে বিক্ষোভ করেছেন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের কিছু গ্রাহক। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান কর্মসূচিও পালন করেছেন। আজ বুধবার সকালে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’—এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে হেয়ার কাট (মুনাফা কেটে রাখা) বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আমানতকারীরা। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে।
এর আগে গত রবি ও সোমবার খাতুনগঞ্জ ও আগ্রাবাদে ৫ ব্যাংকের ৯টি শাখায় তালা দেন আমানতকারীরা। তালা দেওয়ার ঘটনায় সোমবার রাতে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের উদ্বেগের কথা জানিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের বরাতে বলা হয়, গ্রাহকদের দাবির আড়ালে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।































































































































































































































