চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তাঁরা। এতে ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বেলা তিনটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছে।

শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকেরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।

অবরোধের কারণে নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটিতে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।