চট্টগ্রামের বড় পশুর হাটের ইজারা নিশ্চিত হলো

চট্টগ্রামের বড় পশুর হাটের ইজারা নিশ্চিত হলো

চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা পশুর হাট। প্রত্যাশিত দর না পাওয়ায় গত বাংলা সনে এই হাট ইজারা দিতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। এবারও একই অবস্থা হতে চলছিল। প্রথম দুই দফায় কোনো দরপত্র ফরম জমা হয়নি। তৃতীয় দফায় তিনটি ফরম জমা পড়লেও প্রত্যাশিত দর পাওয়া যায়নি। চতুর্থ দফায় এসে কাঙ্ক্ষিত দর পাওয়া গেছে। আগামী ২৭ বা ২৮ মে চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা (কোরবানি) উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই হাটের ইজারা নিয়ে অনিশ্চয়তা দূর হলো।

এবার এই হাটের ইজারা ন্যূনতম দর ছিল ৮ কোটি ২ লাখ টাকা। শেষ পর্যন্ত দর পাওয়া গেছে ৮ কোটি ৮ লাখ টাকা। ফজলে আলিম চৌধুরী নামের এক ব্যক্তি সর্বোচ্চ দর দিয়েছেন। ৬টি ফরম বিক্রি হলেও জমা পড়েছিল ৪টি। গত বৃহস্পতিবার দরপত্র বক্স উন্মুক্ত করা হয়। এখন দরপত্র কমিটির সভায় ইজারাদারকে হাট বুঝিয়ে দেওয়ার অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কমিটির সভার সময় এখনো নির্ধারণ করা হয়নি।

এবার সর্বোচ্চ দর পাওয়া গেলেও তা তিন বছরের মধ্যে সবচেয়ে কম। গত বছর ইজারাদার নিয়োগ দেওয়া হয়নি। ১৪৩১ বাংলা সনে হাট থেকে সিটি করপোরেশনের আয় হয়েছিল ৯ কোটি ২১ লাখ টাকা। এর আগের বছর ১৪৩০ বাংলা সনে ইজারা দেওয়া হয়েছিল ৮ কোটি ৮৮ লাখ টাকায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।