৩০ বছর আগে আসামির কাছ থেকে উদ্ধার অস্ত্র গায়েবের মামলায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম দেলোয়ার হোসেন। তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (বর্তমানে চাকরিচ্যুত)। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) জাহিদুল করিম প্রথম আলোকে বলেন, চাকরিচ্যুত সাবেক পুলিশ কর্মকর্তাকে অস্ত্র গায়েবের মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।































































































































































































































