চট্টগ্রাম নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) উঁচু ভবন থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম রিতা আক্তার। গতকাল শনিবার রাত ১০টার দিকে ইউএসটিসি ক্যাম্পাস থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ভবন থেকে তাঁকে কেউ ফেলে দিয়েছে নাকি নিজে লাফ দিয়েছেন, পুলিশ তা নিশ্চিত করে বলতে পারেনি।
নিহত রিতা আক্তার ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানায়। বাবার নাম আজিজুর রহমান। তিনি নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় থাকতেন। ইউএসটিসিতে কী কারণে তিনি এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।































































































































































































































