ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া সালাম শিকদার ও নাসিমা বেগমের শিশুকন্যা জান্নাত বাবা–মাকে হারিয়ে এভাবেই আহাজারি করছিল। গতকাল শুক্রবার গভীর রাতে আগুন লেগে সালাম–নাসিমা দম্পতির পুরো ঘরটি ভস্মীভূত হয়। কোনোমতে দুই মেয়ে খাদিজা ও জান্নাত এবং নাতি নিশাতকে বাঁচাতে পারলেও আগুনে পুড়ে মারা যান ওই দম্পতি।
আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, আগুনে পোড়া সালামের ঘরের খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। নেই কোনো আসবাব। সব পুড়ে ছাই হয়ে গেছে। রাধানগর গ্রাম ও আশপাশের লোকজন এই বাড়িতে ভিড় করেছেন। পাশেই সালামের চাচা আয়নাল শিকদারের বাড়ির উঠানে ওই দম্পতির চার মেয়ে কাঁদছিলেন। স্বজনেরা তাঁদের সান্ত্বনা দিচ্ছিলেন।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিদ্দিক বলেন, সালামের চার মেয়ে সাবিনা আক্তার, সোহেলী আক্তার, খাদিজা আক্তার ও জান্নাত। সাবিনা ও সোহেলী বিবাহিত। খাদিজা ষষ্ঠ ও জান্নাত সপ্তম শ্রেণিতে পড়ে। জান্নাত ও খাদিজা মা–বাবার সঙ্গেই ছিল। বাবার আয়েই তাঁদের সংসার চলত। চায়না জালের কারখানায় কাজ করে সংসার চলত সালামের।































































































































































































































