ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮: ০২ রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫০)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়া ফুডপ্লেক্স বারেক ম্যানশন গলির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত ব্যবসায়ী কালামের ছেলে আল আমিন আব্রান জানান, তার বাবা কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘বন্যা টেলিকম’ নামে একটি দোকানে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে ব্যাগভর্তি প্রায় ২ লাখ টাকা নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি।

বাসার গেটে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা ছিনতাইকারীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায়, মুখে এবং ডান কানে এলোপাতাড়ি কোপানো হয়। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।