শাহবাগ থানা এলাকায় ডাকসুর দুই নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
শুক্রবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রদক্ষিণ করে কলাভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান ও সংগঠনের কর্মী আবদুল্লাহ আল মাহমুদ।
এর আগে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস, একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।































































































































































































































