ঢাকা মেট্রোরেলের রাতের চলাচলের সময় বাড়বে। এ বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে-সেই বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কোম্পানি সূত্র জানিয়েছে, পরিকল্পনা আছে মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়।
বর্তমানে সারা দিনে ২৯৭ বার (ট্রিপ) মেট্রোরেল চলাচল করে। এখন রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়লে ট্রিপের সংখ্যাও বাড়বে। চলাচলের সময় বাড়ানো হলে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান কমবে। এখন ছুটির বাদে সপ্তাহের অন্যান্য দিনে ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের পার্থক্য পাঁচ মিনিট। নতুন সূচি কার্যকর হলে পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যে ব্যবধান কমে সাড়ে ৪ মিনিট করা হবে।































































































































































































































