ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে আজ সোমবার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। ইতিমধ্যে মানুষ রাজধানী থেকে গ্রামের বাড়ির দিকে যেতে শুরু করেছেন। এর মধ্যে এই বৃষ্টি অনেক স্থানে ভোগান্তি সৃষ্টি করেছে। তবে প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টি আবার কিছুটা স্বস্তিও দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ বেলা দুইটার দিকে জানায়, রাজধানীতে বিকেলের মধ্যেই মেঘ কেটে যেতে পারে। বৃষ্টি বাড়তে পারে নোয়াখালী ও কুমিল্লা এলাকায়। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।
আজ দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি ধরা হয়।































































































































































































































