ঢাকার বসুন্ধরায় স্ত্রীকে মারধরের পর চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ঢাকার বসুন্ধরায় স্ত্রীকে মারধরের পর চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন স্ত্রী। পুলিশ স্বামীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই নারীকে আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর স্বামীর নাম মনোয়ার হোসেন ওরফে অপু। ভাটারা থানার পুলিশ জানায়, মনোয়ার হোসেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাটে থাকেন।

মামলার অভিযোগে বলা হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনোয়ার হোসেন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে স্ত্রীকে গালিগালাজ করেন এবং বাসার বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। স্ত্রী বাধা দিলে তাঁকে মারধর করেন। একপর্যায়ে মনোয়ার রান্নাঘর থেকে চাপাতি এনে স্ত্রীকে কোপ দেওয়ার চেষ্টা করেন।

আজ শুক্রবার সকালে যোগাযোগ করা হলে স্ত্রী প্রথম আলোকে বলেন, মনোয়ারের হামলা থেকে বাঁচতে প্রাণভয়ে তিনি দুই সন্তান নিয়ে একটি ঘরে ঢুকে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেন। দু-তিন বছর ধরে মনোয়ার নেশা করে বাসায় ফিরে অশান্তি এবং তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন বলে তিনি জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।