ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলে পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউট (এনএসআই) যৌথ অভিযান চালায়। এই অভিযানে আটক ৪৯ জন। আটক ব্যক্তিদের মধ্যে বহিরাগত বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্ত বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি, রোগীকে বাইরে ক্লিনিকে নিয়ে যাওয়া, আইসিইউ সুবিধার কথা বলে প্রাইভেট হাসপাতালে পাঠানো এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।
এসব দালালের কারণে রোগীদের অতিরিক্ত অর্থ গুনতে হয়। অনেক ক্ষেত্রে রোগীরা প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন। এ ছাড়া শুধু বহিরাগত নয়, অবৈধভাবে অর্থ উপার্জনের এই কর্মকাণ্ডে হাসপাতালের কিছু স্টাফ ও আনসার সদস্যও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ঢামেক থেকে ৪৯ দালাল আটক করা হয়েছে।































































































































































































































