ধান পানিতে তলিয়ে গেছে দেখে ঢলে পড়লেন কৃষক

ধান পানিতে তলিয়ে গেছে দেখে ঢলে পড়লেন কৃষক

সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে যান কৃষক আহাদ মিয়া (৫৫)‌। তাঁর আবাদ করা ছয় বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে ঘটনাস্থলেই অচেতন হয়ে ঢলে পড়েন এই কৃষক। জমিতেই মারা যান। আজ শনিবার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আহাদ মিয়া স্ট্রোক করে মারা গেছেন। তবে মৃত্যুর বর্ণনা শোনে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

মৃত ব্যক্তির বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রথম আলোকে বলেন, ‘সকালের শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়েছিল আমার ভাই। সব ধান পানিতে তলিয়ে যেতে দেখে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই। তার দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে নাসিরনগরের হাওরের ফসলে জমির তলিয়ে গেছে। গোয়ালনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রামপুর গ্রামের কৃষক আহাদ মিয়া ৬ বিঘা জমিতে ব্রি–২৯ ধান আবাদ করেন। আজ শনিবার সকাল আটটার দিকে কয়েকজন শ্রমিককে সঙ্গে নিয়ে জমিতে ধান কাটতে যান আহাদ। গিয়ে দেখেন, খেতের সব ধান পানিতে তলিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন, সেখানেই মারা যান। পরে শ্রমিকসহ স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জোহরের নামাজের পর রামপুর গ্রামের আহাদের লাশ দাফন করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।