ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে হত্যা

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে হত্যা

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম নাহিদা আক্তার (১৬)। তাঁর মা লিজা আক্তার প্রবাসী। বাবা নুর হোসেন বরিশাল থাকেন। নাহিদা নানির সঙ্গে ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকায় থাকত। সে ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

নাহিদার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাহিদা আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিল। নানি দেলোয়ারা বেগম তখন দুধ আনার জন্য বাইরে যান। এ সময় তিনি নাহিদাকে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ রাখতে বলে যান। এরপর বাইরে থেকে ফিরে এসে দেলোয়ারা বেগম ঘরের দরজা খোলা এবং রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে নাহিদাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।