দুই কিশোরের নিখোঁজ বিষয়ে পুলিশের তদন্ত

দুই কিশোরের নিখোঁজ বিষয়ে পুলিশের তদন্ত

দুই সপ্তাহের বেশি সময় ধরে মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ। এ ব্যাপারে ঢাকার উত্তরার তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তুরাগ থানার জিডির তথ্য বলছে, মাফি বি সরকার নামে মাইলস্টোন কলেজের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে নিখোঁজ। টঙ্গী পূর্ব থানার অপর জিডিতে উল্লেখ করা হয়েছে, একই দিন একই সময়ে মেহেদী হোসেন (রাফসান) নামে মাইলস্টোন কলেজের ১৭ বছর বয়সী আরও এক কিশোর নিখোঁজ হয়েছে।

পুলিশ বলছে, ১৭ দিন আগে এই দুই কিশোর একই সঙ্গে নিখোঁজ হয়। তারা দুজন বন্ধু। একই কলেজে পড়াশোনা করে। নিখোঁজের আগে তারা বাসায় মুঠোফোন রেখে গেছে। ধারণা করা হচ্ছে, স্বেচ্ছায় নিখোঁজ হয়েছে তারা। কী কারণে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তুরাগ থানার জিডির তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মাফি বি সরকার লেখাপড়ায় অমনোযোগী ছিল। এ নিয়ে কথা বলার কারণে পরিবারের সদস্যদের প্রতি তার অভিমান থাকতে পারে। সে কারণে নিখোঁজ হয়ে থাকতে পারে। তার নিখোঁজের অন্য কোনো বিষয় আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।