পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ছয়টি মামলায় মানসিক হাসপাতালের সাবেক পরিচালক চিকিৎসক তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে তিনি পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তন্ময় প্রকাশ বিশ্বাস যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক। বর্তমানে অবসরে রয়েছেন।
মামলায় অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন কৃষি বিপণন অধিদপ্তরের পাবনা জেলার কর্মকর্তা বর্তমানে দিনাজপুর জেলার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির, পাবনা জেলা সদরের ছাতিয়ানী মহল্লার ঠিকাদার তিন ভাই এ এইচ এম আরেফিন, এ এইচ এম রেজাউন ও এ এইচ এম ফয়সাল।































































































































































































































