বাংলাদেশে ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বর্তমানে চরম নীতিগত দুর্বলতা ও প্রায়োগিক অরাজকতার শিকার। এমন উদ্বেগ জানিয়ে এই খাতের বিশৃঙ্খলা নিরসনে ১২ দফা সুপারিশ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক অংশীজন সেমিনারে সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তুলে ধরার সময় এই উদ্বেগ প্রকাশ করা হয়।
ই-বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তবায়ন ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ইলেকট্রনিক সরঞ্জাম প্রস্তুতকারী ও আমদানিকারকদের মাধ্যমে ই-বর্জ্য সংগ্রহকেন্দ্র স্থাপন, তহবিল গঠন, জনসচেতনতা কার্যক্রমের কোনোটিই বাস্তবায়িত হয়নি।































































































































































































































