পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ রাজধানীর ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে স্বস্তিতে লঞ্চযোগে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে টার্মিনালে পৌঁছাতে সড়কের তীব্র যানজটের কারণে ভোগান্তি ও ক্ষোভের কথা জানিয়েছেন অনেক যাত্রী।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, আজ সোমবার সদরঘাট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৯টি লঞ্চ ছেড়ে গেছে। একই সময়ে টার্মিনালে এসে পৌঁছেছে ৭৩টি লঞ্চ।
সদরঘাট টার্মিনাল এলাকায় সরেজমিনে দেখা যায়, সকালে চাঁদপুর ও ইলিশা রুটে যাত্রীর চাপ বেশি ছিল। দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে কিছু সময়ের জন্য যাত্রীর চাপ কমে যায়। পরে বৃষ্টি থেমে গেলে আবারও যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে।































































































































































































































