কালবৈশাখীর কারণে আজ বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় এক ঘণ্টা বন্ধের পর ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল সাতটার পর থেকে এই রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, আজ সকাল সাতটার দিকে প্রচণ্ড গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয়।
ঈদের যাত্রীদের বাড়তি দুর্ভোগে পড়তে হয়। প্রায় এক ঘণ্টার মতো বন্ধের পর সকাল ৮টার দিকে ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।































































































































































































































