ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকের চাকা পাল্টানোর সময় পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্ব দিকে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ মিয়া (৫০) ও তাঁর সহকারী একই গ্রামের মো. ইয়াকুব হোসেন (২৬)।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাক ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়।































































































































































































































