বগুড়ার শেরপুর থানায় এক নারী উপপরিদর্শককে সম্বোধন করার জন্য 'ম্যাডাম' বলে সম্বোধন করার অভিযোগে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা থানায় আটক রাখার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআইয়ের নাম রোকসানা খাতুন। তিনি প্রায় এক বছর আগে শেরপুর থানায় যোগদান করেন। ঘটনার পর এসআই রোকসানার আচরণের বিষয়ে পুলিশ সুপারকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন। আর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী নূর মোহাম্মদ ওরফে মামুন বলেন, তাঁর এক পরিচিত ব্যক্তি গ্রেপ্তার হয়ে থানায় আছেন। কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা জানতে তিনি আজ সকাল সোয়া ১০টার দিকে থানায় আসেন। তখন দায়িত্বরত এসআই রোকসানা খাতুনকে 'ম্যাডাম' বলে সম্বোধন করে কথা বলতে গেলে তিনি রেগে যান। একপর্যায়ে তাঁকে গালিগালাজ করেন। পরে কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাঁকে আটক করেন। তাঁকে অন্তত দেড় ঘণ্টা থানার নারী হেল্পডেস্কের কক্ষে আটক করে রাখা হয়।
নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, তিনি পেশায় একজন গাড়িচালক। তাঁর বাড়ি উপজেলার সাধুবাড়ী এলাকায়। থানায় ওই কক্ষে আটক থাকা অবস্থায় তিনি মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বড় ভাই মো. মাসুদসহ আত্মীয়স্বজন থানা চত্বরে আসেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে মুচলেকায় কী লেখা ছিল, তাঁরা জানেন না বলে জানান।































































































































































































































