ফরিদপুরের বোয়ালমারীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল সাবেক এক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সামাদ খানের বাড়ির নিচতলা থেকে এসব চাল উদ্ধার করা হয়। আবদুস সামাদ খান জামায়াতে ইসলামীর কর্মী।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তা ও খুচরা ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়।































































































































































































































