নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে প্রাঞ্জল ও জাহানারা নামের দুজনের পরিচয় জানা গেছে। অন্য দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে ক্লাস চলার সময় হঠাৎ সিলিং ফ্যান খুলে নিচে পড়ে। এতে কক্ষে থাকা স্কুলের চার শিক্ষার্থী আহত হয়।































































































































































































































