ফেনীতে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে হত্যা করে মরদেহ বালুচাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার একমাত্র আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ মাহমুদ খানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। গ্রেপ্তার আসামির নাম সাইফুল ইসলাম (২৯)। তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে। সাইফুল নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ কাউসার আলম ভূঁইয়া আদালতে আসামির জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, খুনের পর আসামি মুঠোফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে যাওয়ার আগে যেসব নম্বরে যোগাযোগ করেন, সেই নম্বরগুলো চিহ্নিত করে নজরদারি করা হয়। এভাবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই ও আদালত সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী মোহাম্মদ মানিকের নির্মাণাধীন ভবনে কাজ করতেন সাইফুল ইসলাম। সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নেওয়ার পর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভর্ৎসনার মুখে পড়েন তিনি। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাইফুল।































































































































































































































