নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি সন্ত্রাসীরা কুপিয়ে তিনজনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারী ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইনসহ তিনজনকে আটক করে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিজান, কুদরত ও জনি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির নামের এক ব্যক্তি ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের নেতা হিসেবে পরিচিত। তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল গভীর রাতে সাব্বিরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান।































































































































































































































