রাজবাড়ীর বালিয়াকান্দির গড়াই নদের ভাঙনে নারুয়া ও জঙ্গল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকা ঝুঁকিতে পড়েছে। ভাঙনে নারুয়া-কোনাগ্রাম সড়কের বিভিন্ন অংশ সংকুচিত হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
জামসাপুর এলাকায় প্রায় ১০০ গজ সড়ক সংকুচিত হয়ে পায়ে চলার পথে পরিণত হয়েছে। ছোট যানবাহন কোনোভাবে চলাচল করলেও বড় যানবাহন দীর্ঘদিন ধরে বন্ধ আছে। মাঝেমধ্যে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে অটোরিকশা ও ভ্যান উল্টে দুর্ঘটনাও ঘটছে।
বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে সড়কটি বিলীন হওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে ভাঙনঝুঁকিতে রয়েছে অন্তত অর্ধশত পরিবার।































































































































































































































