গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে গাইবান্ধার সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন নিজ বাড়িতে মারা যান বলে জানা গেছে।
হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়ার পর আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী বলেন, শুনানি নিয়ে আদালত সরেজমিন তদন্ত করে সিভিল সার্জনকে প্রতিবেদন দিতে বলেছেন। তাঁরা কেন মারা গেছেন, কী কারণে মারা গেছেন, কোনো গাফিলতি ছিল কি না—সবকিছু মিলিয়ে। ৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।































































































































































































































