সন্ধ্যায় চা খাওয়ার জন্য চুলায় পাতিল বসিয়ে পানি ফোটাতে দেন মা। একপর্যায়ে চায়ের পাতিল টান দেয় পাঁচ বছরের শিশু। সঙ্গে সঙ্গে ঝলসে যায় তার শরীর। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার সকালে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায়।
নিহত শিশুর নাম হামিম বিন হোসেন। সে উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে। তার আরও দুই বোন রয়েছে।
ঢাকা থেকে হামিমের লাশ নিয়ে ফেরার পথে আছেন তার বাবা মোহাম্মদ হোসেন। তিনি মুঠোফোনে বলেন, ‘হামিমের দুর্ঘটনার খবর শুনে পরদিনই সৌদি আরব থেকে চলে আসি। কিন্তু ছেলেকে বাঁচাতে পারিনি।’































































































































































































































