নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার (২০) নামের এক গার্মেন্টসকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী এলাকার একটি বাসা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বর্ষা আক্তার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার বাসিন্দা ও আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি স্বামী মামুনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। মামুনের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, দুই থেকে তিন দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে বর্ষার শেষবার কথা হয়। এর পর থেকে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে কয়েক দিন ধরে ঘরটির বাইরে তালা ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।































































































































































































































