গারো পাহাড়ের ঢালে ধানখেত, বন্য হাতির আক্রমণের শঙ্কায় কৃষকেরা

গারো পাহাড়ের ঢালে ধানখেত, বন্য হাতির আক্রমণের শঙ্কায় কৃষকেরা

শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী তিন উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন দিগন্তজোড়া সবুজের মুগ্ধতা। চোখ যত দূর যায়, তত দূর ধানের খেত—কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, আবার কোথাও সোনালি আভা। যেন পাহাড়ের ঢালে প্রকৃতি নিজেই এঁকেছে নকশিকাঁথার মতো ফসলি জমির এক অপূর্ব দৃশ্য। তবে ভালো ফলনের আশায় থাকা কৃষকদের মনে আনন্দের পাশাপাশি আছে বন্য হাতির আক্রমণের শঙ্কা।

গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্ত সড়ক ধরে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পাহাড়সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়—কণঝুড়া, হালচাটি, ঝুলগাঁও, বালিজুরি, বাবলাকুনা, খাড়ামুরা, বড়গজনী, তাওয়াকুচা, রাংটিয়া, গোমড়া, সমশ্চুড়া, পোড়াবাড়ি, বারোমারি, দাওধারা-কাটাবাড়ি, তারানি, পানিহাটাসহ নানা এলাকায় ধানের সমারোহ। কোথাও ধানে থোড় এসেছে, কোথাও ফুল ফুটেছে, আবার কোথাও ধান পাকার অপেক্ষায়। দূর থেকে এসব খেতকে নকশিকাঁথার মতোই মনে হয়।

শ্রীবরদীর হালচাটি গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ধান এইবার ভালো হইছে, সময়মতো বৃষ্টিও হইছে। কিন্তু ধান কাটতে আর ২৫-৩০ দিন লাগবে। পাহাড়ে হাতি থাকায় ফসল ঘরে তোলা নিয়েই চিন্তা।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।