প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৫: ৪৩আপডেট : ০৯ মে ২০২৬, ১৫: ৪৯ দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের পর আগামী বুধবার পর্যন্ত দেশে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টি হলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় দেশজুড়ে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভাপসা গরম বাড়বে।
এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আবারও টানা কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায় সংস্থাটির ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫, রাজশাহীতে ১৩, সিরাজগঞ্জের তাড়াশে ৯, নওগাঁর বদলগাছী ৫, বগুড়ায় ২ মিলিমিটার এবং ফরিদপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।
আজ দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী পাঁচ দিন দেশে বিছিন্নভাবে বৃষ্টি হলেও ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভাপসা গরম পড়তে পারে।































































































































































































































