গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে প্রথমবারের মতো দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে মো. রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে মো. সিফাত (৫ মাস)।
এ ছাড়া গাজীপুরের বিভিন্ন হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত ৪৭ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন।































































































































































































































