ফরিদপুরের সদরপুর উপজেলায় এক যুবককে গোখরা সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর সাপটি জীবিত অবস্থায় বয়ামে ভরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন ওই যুবক। পরে তাঁকে সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রিপন শিকদার (৩৫) আমিরাবাদ গ্রামের রশিদ শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভাষানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. খবিরউদ্দিন মৃধা বলেন, রিপন বিবাহিত। তিনি সদরপুর সিনেমা হল-সংলগ্ন এলাকায় একটি মুদিদোকান চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে নিজের দোকানে বেচাবিক্রি করছিলেন রিপন শিকদার। বেচাবিক্রির একপর্যায়ে একটি দ্রব্য বের করার জন্য তিনি দোকানের একটি বয়ামে হাত দেন। তখন বয়ামের ভেতর লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাঁর ডান কবজিতে কামড় দেয়। ঘটনার পরপরই রিপন শিকদার আশপাশের লোকজনের সহায়তায় তাজা সাপটি বয়ামে ভরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে তাঁকে সাপের অ্যান্টিভেনম দেওয়া হয়।































































































































































































































