চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা টিফিনের ডিম খেলে অসুস্থ হয়েছে। রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং এর খাবার বিতরণ করা হয়। ওই দিন টিফিনে ডিম দেওয়া হয়েছিল। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের চুলকানি শুরু হয়। পরে অনেক শিক্ষার্থী অসুস্থ হন। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের নজরে এলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন। এ বিষয়ে চিকিৎসক শহিদুল ইসলাম জানান, অধিকাংশ শিক্ষার্থীর শরীরে অ্যালার্জিজনিত চুলকানি দেখা গেছে এবং তাৎক্ষণিক চিকিৎসার ফলে তারা এখন স্থিতিশীল রয়েছে। প্রাথমিকভাবে এটি খাদ্যজনিত অ্যালার্জি বলেই ধারণা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক বলেন, ঘটনার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি বাড়ানো হবে।































































































































































































































