দেশের অন্যতম গরু পালনকারী এলাকা হিসেবে পরিচিত পাবনার বেড়া উপজেলায় গড়ে উঠেছে গরুর জন্য স্থায়ী ও অস্থায়ী আবাসিক হোটেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় 'খাটাল'। কোরবানির ঈদ সামনে রেখে এখন এসব খাটাল একেবারে জমজমাট। গরুর থাকা, খাওয়ানো, বিশ্রাম থেকে শুরু করে নিরাপত্তারও ব্যবস্থা আছে সেখানে।
বেড়া পৌর এলাকার ডাকবাংলা, আমাইকোলা, শম্ভুপুর ও পৌর এলাকার বাইরে মোহনগঞ্জ, নাকালিয়াসহ বিভিন্ন এলাকায় বর্তমানে অন্তত ২৫টি গরুর আবাসিক হোটেল আছে। এর বেশির ভাগই হুরাসাগর ও যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। ফলে গরু ব্যবসায়ীরা বিভিন্ন হাট থেকে গরু কিনে এনে এক রাত, কখনো কখনো দুই রাত পর্যন্ত এসব খাটালে রাখেন। পরে নৌকায় করে কম খরচে সেগুলো ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান।
ব্যবসায়ীদের ভাষ্য, ট্রাকের তুলনায় নৌপথে পরিবহন খরচ কম এবং এতে গরুর শারীরিক চাপও কম পড়ে।































































































































































































































