হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা–ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহরের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে তাঁর বাবাকে নিয়ে শহরের ধুলিয়াখাল এলাকায় যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি শহরের বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা ত্রুটিপূর্ণ একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে বাবা–ছেলে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।































































































































































































































