স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'অতীতের ব্যর্থতার জন্য কাউকে শাস্তির আওতায় আনা বড় কথা নয়, মূল লক্ষ্য হাম রোগ প্রতিরোধ করা। আমরা প্রথম দিন থেকেই শিশুদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছি। আগের সরকারের সময়ে সঠিক সময়ে টিকা না আসার কারণে যে সংকট তৈরি হয়েছিল, তা আমরা দ্রুততম সময়ে মোকাবিলা করেছি।
হামের টিকাদান কার্যক্রম অতীতের ব্যর্থতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, 'অতীতের ব্যর্থতার জন্য যদি দশটা মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিই আর হাম যদি রোধ না করতে পারি তাহলে কি কোনো লাভ হবে? আমরা যদি শিশুর সঠিক চিকিৎসার মাধ্যমে মায়ের বুক ভরা না রাখতে পারি, আমি কি আল্লাহর কাছে রক্ষা পাব ওইটা বলে যে আমি ফাঁসি দিয়েছি? আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার মান নিয়ে মন্ত্রী বলেন, 'হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেড়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও আজ চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক দেখেছি। ইমার্জেন্সি বিভাগ, হাম ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডে চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন। সারা দেশেই স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে। মাত্র তিন মাসে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়, তবে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কাজ করছি।'































































































































































































































