হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন

হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরগুলো আবারও ডুবে গেছে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ ধানখেত পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতি নতুন নয়, বরং দুঃখজনকভাবে এটি এখন নিয়মিত এক বাস্তবতা। প্রশ্ন হলো, কেন বছরের পর বছর একই ধরনের পূর্বানুমেয় ঝুঁকির মুখে আমাদের কৃষকদের একাই লড়াই করতে হচ্ছে?

হাওরাঞ্চলের কৃষকদের জন্য বোরো ধানই মূল ফসল, যা তাঁদের বছরের প্রধান এবং অনেক ক্ষেত্রে একমাত্র আয়ের উৎস। এই ফসল কাটার ঠিক আগমুহূর্তে যখন পানির নিচে তলিয়ে যায়, তখন তা শুধু ফসলের ক্ষতি নয়; বরং পুরো বছরের জীবিকা, খাদ্যনিরাপত্তা এবং ঋণ পরিশোধের সামর্থ্য ধসে পড়ে।

সুনামগঞ্জে অন্তত ২৫টি হাওরের ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সরকারি হিসাবে ৭ হাজার হেক্টরের বেশি জমি তলিয়ে গেলেও মাঠের বাস্তবতা আরও ভয়াবহ। স্থানীয় মানুষের দাবি, প্রায় অর্ধেক ফসলই নষ্ট হয়ে গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।