হাওরাঞ্চলে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি থাকে মে মাসে—প্রায় ৫০ শতাংশ। আবার এপ্রিলের শেষভাগে বন্যার প্রকোপ থাকে প্রায় ৪২ শতাংশ। অর্থাৎ এপ্রিলের মাঝামাঝির আগেই ধান কাটতে পারলে ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব। এই পরিস্থিতিতে স্বল্পমেয়াদি ধানের জাত নিয়ে কার্যকর পথ দেখাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
হাওরাঞ্চলে বন্যার প্রকোপের কারণে প্রতিবছর ১০ থেকে ১০০ ভাগ ধান নষ্ট হয়েছে। এই সমস্যার সমাধানে ‘হাওরাঞ্চলে নিরাপদ বোরো ধান উৎপাদনে স্বল্পমেয়াদি ধান জাতের জনপ্রিয়করণ’– প্রকল্প হাতে নেন হাবিবুর রহমান প্রামানিক।
হাওরাঞ্চলে স্বল্পমেয়াদি ধান চাষের গুরুত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান প্রামানিক বলেন, স্বল্পমেয়াদি জাতগুলো একদিকে ব্লাস্টপ্রতিরোধী অন্যদিকে প্রচলিত নিয়মেই চাষযোগ্য।































































































































































































































