টানা চার দিনের বৃষ্টির পর আজ বৃহস্পতিবার সকাল থেকে কিশোরগঞ্জে রোদ উঠেছে। এতে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় থাকা কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সকাল থেকেই কৃষকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জের নিকলী, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা জমিতে পাকা ধান কাটছেন। ট্রাকসহ ছোট-বড় যানবাহনে করে কাটা ধান খলায় নিয়ে যাওয়া হচ্ছে মাড়াইয়ের জন্য।
খলায় স্তূপ করে রাখা ধানও কৃষকেরা রোদে নাড়ছেন। অনেককে ভেজা খড় সড়ক ও খোলা মাঠে ছড়িয়ে শুকাতেও দেখা যায়। কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চারদিকে দেখা গেছে কর্মচাঞ্চল্য।































































































































































































































