প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, হাওর শুধু কৃষির এলাকা নয়, এটি দেশের মিঠাপানির মাছ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভান্ডার। তাই পরিবেশ ও উৎপাদন দুটোই সমানভাবে রক্ষা করতে হবে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সিলেট বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে হাওর এলাকার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।
হাওরের সমস্যার টেকসই সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ বলেন, হাওর ও জলাশয় উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আওতায় কৃষি, পানিসম্পদ, মৎস্য ও পরিবেশ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। পরিকল্পনায় খাল ও নদী পুনঃখনন, জলমগ্ন ও ডুবন্ত সড়কব্যবস্থার উন্নয়ন, সবুজবেষ্টনী গড়ে তোলা এবং মিঠাপানির মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, অপরিকল্পিত ব্যবহার ও ব্যবস্থাপনার ঘাটতিতে পরিযায়ী পাখির আগমন ও মাছের প্রজাতি কমে গেছে। এ বিষয়ে সমন্বিত পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।































































































































































































































