হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন ও দেড় কেজি হেরোইনসদৃশ পাউডার উদ্ধারের মামলায় মো. উজ্জ্বল আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর ভোরে হাতিরঝিলের মধুবাগ এলাকার তিশা কুঠি নামের একটি বাসার সামনে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে উজ্জ্বল আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁর দেখানো বাসা থেকে ১২টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং ২৫টি প্যাকেটে থাকা দেড় কেজি হেরোইনসদৃশ পাউডার উদ্ধার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।