সুনামগঞ্জের হাওরে রোদ ওঠার পর কৃষকেরা ধান শুকাতে ব্যস্ত হয়েছেন। এক সপ্তাহ আগে ধান মাড়াই করেছিলেন কৃষক মোস্তফা মিয়া। টানা বৃষ্টির কারণে ধান শুকাতে পারেননি। ধানে এখন অঙ্কুর গজিয়েছে। আজ রোববার সকাল থেকে রোদ ওঠায় সেই ধান খলায় শুকাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তাঁর সঙ্গে কাজে যোগ দিয়েছেন স্ত্রী ও দুই ছেলে।
হাওরের বৈশাখজুড়ে এসব খলায় কিষান-কিষানিরা মহাব্যস্ত থাকেন। সুনামগঞ্জের চারটি উপজেলাজুড়ে বিস্তৃত দেখার হাওরে প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। হাওরের কয়েকটি বড় খলার মধ্যে গোবিন্দপুর একটি।
হাওরে এই বৈশাখী ব্যস্ততা—সবই সম্ভব হয়েছে রোদ থাকায়। এই রোদ স্বস্তি দিয়েছে দুর্ভোগ-দুর্যোগে পড়া কৃষকদের।































































































































































































































