নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট চলছে দীর্ঘদিন ধরে। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে স্থাপিত পানির ফিল্টারগুলোর অধিকাংশই অকার্যকর অবস্থায় পড়ে আছে। কোথাও পানি সরবরাহ নেই, আবার কোথাও ফিল্টার থাকলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের হাসপাতালের বাইরে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। কেউ পাশের মসজিদ থেকে বোতলে পানি আনছেন, আবার কেউ নগর ভবন বা আশপাশের দোকান থেকে পানি কিনে রোগীদের পান করাচ্ছেন।
সরেজমিনে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীদের জন্য স্থাপন করা পানির ফিল্টারগুলো ধুলাবালিতে ঢাকা পড়ে আছে। কিছু ফিল্টারের কল ভাঙা, আবার কিছুতে পানি সংযোগই নেই। অনেক রোগী ও স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতালের ভেতরে থাকা এসব ফিল্টার শুধু শোপিস হিসেবে পড়ে আছে, বাস্তবে কোনো কাজে আসছে না।































































































































































































































